পিরোজপুরে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা মাওলানা সাইফুলের মোল্লা ছেলে তাকরিম মোল্লাকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় লোকজন তাকরিম মোল্লাকে আটক করে গণপিটুনি দেয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে উদ্ধার করে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় মহিউদ্দিন ও তার ভাতিজা নিপুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত পাড়েরহাট এলাকায় এসে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম মোল্লা নামের একজনকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। বাকি জড়িতদের শনাক্তে কাজ চলছে।