Image description

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে উপহারসামগ্রী ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার—যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে।

 

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে।

 

 

এসব উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

চলতি বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।