চুক্তিভিক্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে খবর ছড়িয়ে পড়ে যে আইজিপি পদত্যাগ করেছেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তবে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে চাওয়া হলে আইজিপি বললেন, ‘নো, আমি পদত্যাগ করিনি।’
এর আগে গত জানুয়ারি মাসে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন।
জানা গেছে, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আইজিপি অফিস করেন। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তার প্রস্তুতি সভায় অংশ নেন। মূলত এই সভা শেষেই তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।