Image description

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই সংঘর্ষ হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে চলমান প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উপাচার্যের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে বিষয়টি প্রশাসন ও কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে কথা কাটাকাটির মধ্যেই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

সাদা দলের একাংশের শিক্ষকদের অভিযোগ, উপাচার্য যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম করছেন। এসব বিষয়ে কথা বলতে গেলে তিনি নিজেকে অন্তর্বর্তী সরকারের লোক দাবি করে শিক্ষকদের কথা শোনেন না বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, এ বিষয়ে কথা বলতে গেলে উপাচার্যের পক্ষ নিয়ে প্রক্টর জসিমের নেতৃত্বে হামলা চালানো হয়।

 

এ ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষক তার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগ দাবি করেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মিথ্যা অভিযোগ তোলা হয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।