Image description

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র।

সেনাবাহিনী জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ছমদর পাড়া থেকে ফখরুদ্দিনকে আটক করেন। আটকের পর তিনি সেনাবাহিনীর কাছে নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে পরিচয় দেন। পরে তাকে সেনা ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন। একই সময় তাকে তল্লাশি করে সেনাবাহিনীর ইউনিফর্ম পড়া একাধিক ভুয়া ছবি এবং তার ফোন ও মানিব্যাগ থেকে বেশ কিছু ছবি ও কার্ড উদ্ধার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।