Image description

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর কুষ্টিয়া গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তবে এই পথ সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫২ মিনিটের সময় তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের অগাধ ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আপ্লুত।

 

তিনি আরো লেখেন, এই বিজয় কোনো এক ব্যক্তির বিজয় নয়, এই বিজয় কুষ্টিয়ার প্রতিটি মানুষের, প্রতিটি শ্রমজীবী মানুষের, প্রতিটি তরুণের স্বপ্নের বিজয়। এই বিজয় মেহনতী মানুষের আত্মমর্যাদার বিজয়।

এই বিজয় জুলুম, অন্যায় ও অবহেলার বিরুদ্ধে গণমানুষের জাগরণের প্রতিফলন।

 

প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে আমির হামজা লেখেন, প্রিয় কুষ্টিয়ার জনগণ, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম, কুষ্টিয়াকে একটি নিরাপদ, উন্নত ও মানবিক শহরে রূপান্তর করব। ইনশাআল্লাহ, আমরা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সেই প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করব।

এই পথ সহজ হবে না। কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থন থাকলে কোনো বাধাই অতিক্রমের বাইরে নয়।