ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক ফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট। এতে নাহিদ ইসলাম ১৪৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারা দেশের প্রায় ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে গড়ে ৪৮ শতাংশ ভোট পড়েছে।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন, এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।