Image description

বগুড়ার সাতটি আসনের ৯৮৩টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে মোট ৬৯.১০ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে। আর পোস্টাল ভোট পড়েছে ৭৮.৬৯ শতাংশ। সন্ধ্যায় জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ থেকে এসব তথ্য জানান তিনি।

 

অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, বগুড়া ১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫, বগুড়া-৩ আসনে ৭০.৫১, বগুড়া-৪ আসনে ৭৩.৪৫, বগুড়া-৫ আসনে ৭০.৩২, বগুড়া-৬ আসনে ৭১.১৫ এবং বগুড়া ৭ আসনে ভোট পড়েছে ৬৭.৮৯ শতাংশ। এ ছাড়া জেলার ৭ টি সংসদীয় আসনে গড় পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগের শতকরা হার ৭৮.৬৯ শতাংশ।

 

আসনভিত্তিক বিশ্লেষণে জানা যায়, বগুড়া ১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনে পোস্টাল ভোট পড়ে ৭৭.৬৭ শতাংশ। বগুড়া-২ আসনে ৭৭.৩৭, বগুড়া-৩ আসনে ৭৬.৩৩, বগুড়া-৪ আসনে ৭৬.২১ , বগুড়া-৫ আসনে ৮৩.২৪, বগুড়া-৬ আসনে ৮০.৫১ এবং বগুড়া ৭ আসনে ভোট পড়েছে ৭৯.৫০। পোস্টাল ভোটের গড় পরিসংখ্যান ৭৮.৬৯ শতাংশ। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন জেলার ভোটাররা। এরপর থেকে কেন্দ্রগুলোয় ভোট গণনা চলছে।

 

বগুড়ার ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৯৮৩টি, যার মধ্যে ৫০০টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসন থেকে। বগুড়ার ৭টি আসনে ৯টি রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নির্বাচনি মাঠে জেলায় ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রায় ১৩০০ সদস্য, বিজিবির ২৪ প্লাটুন, র‍্যাবের ১২৮ সদস্য, পুলিশের প্রায় ২২৬৬ সদস্য এবং আনসারের ১২ হাজার ৭৭৯ জন সদস্য মোতায়েন ছিলেন।