রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে প্রকাশ্যে চড়থাপ্পড় মারা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলার পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। হাবিবা উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
তাকে মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়াতেই আবার তাঁকে থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করেন। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, যিনি মারধর করছিলেন, তাঁর নাম রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
হাবিবা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গিয়েছেন। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানাব। তিনি এই ঘটনার বিচার দাবি করেন। হাবিবা জানান, মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না।
রাজশাহীর কাটাখালী থানার ওসি সুমন কাদেরী বলেন, ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে একজন প্রার্থীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে বলে শুনেছি। মারধরের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
জনকণ্ঠ