Image description

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। কারা এর সাথে আসলে কারা জড়িত। 

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার পর ওই ভোটকেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি শুনেছি। কে করলো এসব? দয়া করে কেউ যেন এমন কাজ না করে। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো ইনশাআল্লাহ।