Image description

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো, এতে দুর্নীতি কমে আসবে। ভোট কেনার প্রয়াস সফল হবে না। কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু আছে। সবাই ভোট দিতে আসছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

গণমাধ্যমকে সত্য প্রকাশের অনুরোধও করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।

মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।

শীর্ষনিউজ