Image description

“কোনো সমস্যা হয় নাই। দুইডা ব্যালোট লইয়া ডুকছি, সিল মারছি, বাক্সে ভরছি। কতুডু আর সময় লাগছে। এক মিনিটও লাগেনি।”

সকাল সাড়ে ৭টায় প্রথম ভোট দিয়ে এমন প্রতিক্রিয়াই দিলেন বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সিরাজুল ইসলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল নগরীর ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. কাওসারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা দুইটি ব্যালটে ভোট দিতে এক থেকে দেড় মিনিট সময় নিচ্ছে। প্রথম ঘণ্টায় তার কক্ষে ২০টি ভোট পড়েছে।

ওই কেন্দ্রে দায়িত্ব পালন করা কাউনিয়া থানার এএসআই বিপুল বিশ্বাস বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১০ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া দায়িত্ব পালন করছেন ৩৯ আনসার সদস্য। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।

হাবিবুর রহমান নামে ৬০ বছর বয়সী এক ভোটার বলেন, “১৭ বছর পর ভোট দিয়েছি। খুব ভালো লাগছে।”

অপর ভোটার অলিউর রহমান বলেন, “ভোট দিতে এক মিনিট সময় লেগেছে। সকালে একটু ভোটার কম এসেছে। বাইরের পরিবেশ খুব শান্ত। এভাবে থাকলে আস্তে আস্তে ভোটার অনেক বাড়বে।”

নারী ভোটার স্কুল শিক্ষিকা সাইদা ইয়াসমিন বলেন, “ভোটের পরিবেশ অনেক ভালো। গণভোট ও জনপ্রতিনিধি ভোট হলেও কোনো সমস্যা হয়নি। নারী ভোটাররাও অল্প সময়ের মধ্যে ভোট দিয়েছে।”

বরিশাল-৫ আসনে সাতজন প্রার্থী হলেও এজেন্ট পাওয়া গেছে শুধু ধানের শীষ ও হাতপাখা প্রতীকের। অন্য কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।

হাতপাখা প্রতীকের এজেন্ট মাসুম বিল্লাহ বলেন, “কোনো সমস্যা হচ্ছে না। আমরা মিলেমিশে রয়েছি।”

 

গ্রামের ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও নগরীর ভোটকেন্দ্রে সকাল ৮টা পর্যন্ত তেমন ভোটার ছিল না। অল্প কিছু ভোটার দেখা গেছে।

নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল কেন্দ্র পরিদর্শনে আসা বরিশাল মহানগর উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “কোথাও কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কোনো সংবাদ পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। স্বস্তির পরিবেশ রক্ষা করার জন্য পুলিশ তফসিল ঘোষণার পর থেকে কাজ করে যাচ্ছে।”

বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, “আপাতত আমরা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি-না সেটা দেখছি। কত ভোট পড়েছে, সেটা এখনো জানার সুযোগ হয়নি।”

এদিকে, সকাল ৮টায় নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও নগরীর বগুড়া রোড এসসিজিএম স্কুলে ভোট দিয়েছেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।