Image description

রাজধানীর মিরপুর, বনানী, আগারগাঁও, গুলশানসহ বেশ কিছু নির্বাচনী এলাকা ঘুরে ভিন্ন চিত্র পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো প্রস্তুতিতে আছেন। এরই সুযোগে কেন্দ্রে আধিপত্য বিস্তার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতভর কেন্দ্রের সামনে পাহারায় রয়েছেন তারা।

রাজধানীর মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টাকালে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পোলিং অফিসার পোলিং অফিসার সুমনা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

কেন্দ্র পাহারায় রাজনৈতিক কর্মীরা

মিরপুর, বনানী ও গুলশান এলাকায় বুধবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন তৎপরতা দেখা যায়নি। বিশেষ করে কেন্দ্রগুলোর আশেপাশে তাদের উপস্থিতি ছিল কম। এই শূন্যতায় কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে দেখা গেছে বিএনপির কর্মীদের।

রাজধানীর তিতুমীর কলেজের সামনে গাড়িতে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। বনানী থানার এসআই মো. সিদ্দিক স্ট্রিমকে জানান, কাজ সঠিকভাবেই পালন করছেন তারা। কোথাও কোনো সমস্যা নেই। টহল দিচ্ছেন। সারারাতই তৎপর থাকবেন।

নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর মানারত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থানরত বিএনপির এক কর্মী জানান, প্রশাসনের কেউ নেই। তারা নিজেরাই কেন্দ্র পাহারা দিচ্ছেন। তিনি বলেন, আমরা না থাকলে কেন্দ্রে আগেই সিল মারার সম্ভাবনা আছে। প্রতিপক্ষের কেন্দ্র দখল রুখে দিতেই আমরা আগেভাগে অবস্থান নিয়েছি।

একই চিত্র মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে। একটি ওয়ার্ডের যুবদলের সভাপতি বলেন, প্রশাসন নেই, আমরাই সব দেখভাল দেখছি। পরিস্থিতি সামাল দিতে আমাদেরই মাঠে থাকতে হচ্ছে।

ইসলামিয়া হাইস্কুল কেন্দ্রে উত্তেজনা

ঢাকা-১৬ আসনের ইসলামিয়া হাইস্কুল কেন্দ্রে গভীর রাতে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বিএনপির কর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রে বহিরাগত ঢুকেছে ভোট কারচুপির জন্য। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় তারা।

যৌথ বাহিনী জানায়, ভোট কারচুপির যে অভিযোগ তোলা হয়েছিল, সরেজমিনে তারা কিছুই পাননি। কেন্দ্রের ভেতর সবকিছু ঠিকঠাক আছে। ভুল তথ্যের ভিত্তিতে উত্তেজনা দেখা দিয়েছিল।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা

মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি জোর করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এলে তাদের ধরে কারাদণ্ড দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন– ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্ট মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক।

মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যার পর দুজন জোর করে ঢুকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্ট্রিম ছবিমীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যার পর দুজন জোর করে ঢুকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্ট্রিম ছবি

জানা যায়, কেন্দ্রের পোলিং অফিসার সুমনা ইসলামের সহায়তায় হাসান ও রাইহান ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। পরে দায়িত্বে অবহেলা ও নিয়মবহির্ভূত কাজে সহায়তার অভিযোগে সুমনাকে প্রত্যাহার করা হয়।

মিরপুর-১ এর দুটি কেন্দ্রে বিএনপির কর্মীদের দেখা যায়। পুলিশ প্রশাসনের চেয়ে রাজনৈতিক কর্মীর বেশি তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটার ও পর্যবেক্ষকরা। মিরপুর-১ এর বাসিন্দা রাজিব রাজ বলেন, প্রশাসনের অনুপস্থিতিতে রাজনৈতিক কর্মীদের হাতে কেন্দ্রের নিয়ন্ত্রণ চলে যাওয়া খুবই উদ্বেগের। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিছু ঘটনায় ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু সামগ্রিক বিবেচনায় তা সাধারণ ভোটারকে স্বস্তি দিতে পারছে না।