নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো ঠিক থাকলে জনরায় আমরা অবশ্যই মেনে নেব। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন। এরপর সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
এটিই তার জীবনের প্রথম ভোট জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ সবার দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১১ দলের পক্ষে অবস্থান নিন।’ জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করতে চান বলে জানান তিনি।
রাতে কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ বলেন, এরপরও আমরা সবাইকে ভোট কেন্দ্রে আসতে বলছি। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে। আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়। সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেব।