Image description

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুজনকে হাতেনাতে ধরার ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

 

আটকরা হলেন— গুণবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

 

জানা গেছে, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাদের কাছে ২০০ টাকা নোটের দুটি বান্ডেল দেখা যায়।

 

উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহম্মদ শাকি এশিয়া পোস্টকে জানান, আটক দুই বিএনপি কর্মী ভবিষ্যতে আর অনিয়ম করবে না বলে স্বীকারোক্তি দিয়েছেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

গুণবতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। তারা দুজন সকালে চায়ের দোকানে অবস্থান করছিল। তাদের সেখান থেকে আটক করে নিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যায়নি।

 

ঘটনাস্থলে যাওয়া কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক এশিয়া পোস্টকে বলেন, সংবাদের পর আমি সেখানে গিয়ে জামায়াতের লোকজনকে পেয়েছি। তারা বললো, এটা নিজেরা নিজেরা মীমাংসা করে ফেলছে।