মুন্সিগঞ্জে সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুত্ব আহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ভোটকেন্দ্র পরিদর্শন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় ৫ জনকে রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ (৩৮) জয় বেপারী (৩২) মো. ইকবাল (৪০) জুয়েল শেখ (৪৩) আব্দুল জব্বর বেপারীসহ (৫৩) আরও বেশ কয়েক জন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতীকের) সমর্থকরা।
এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা কথা কাটাকাটির জেরে ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মোল্লা ও স্থানীয় বিএনপি জাকির জমাদ্দারসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপরে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ভোট কেন্দ্রে থাকা প্লাস্টিকের চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালানো হয়।
এ ঘটনা আহতরা হলেন- সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ (৩৮), জয় বেপারী (৩২), মো. ইকবাল (৪০), জুয়েল শেখ (৪৩), আব্দুল জব্বর বেপারীসহ (৫৩) আরও বেশ কয়েক জন।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, আহতদের মধ্যে তিনজনের মাথায় ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একজনের ডান হাত ভেঙে যাওয়া অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে পূর্ব বিরোধে জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।