Image description

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে। 

নির্বাচনের সময় ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা জটিলতা দেখা দেয়। কারো কার্ড হারিয়েছে, আবার কেউ হয়তো নতুন ভোটার কিন্তু এখনো হাতে এনআইডি কার্ড পাননি। এসব কারণে অনেকের মনে প্রশ্ন ওঠে—এনআইডি ছাড়া কি ভোট দেওয়া সম্ভব? নাকি ভোটার স্লিপ নিয়েই ভোট দেওয়া যাবে কী?

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেই তিনি ভোট দিতে পারবেন, এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও। অর্থাৎ ভোটাধিকার প্রয়োগে এনআইডি কার্ড বাধ্যতামূলক নয়।

এই পরিস্থিতিতে পোলিং অফিসার শুধু ভোটার তালিকায় নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করলেই ব্যালট পেপার দেওয়া হবে।

ভোট প্রদান প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ রাখতে ভোটারদের আগে থেকেই তাদের ভোটকেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর জানা ভালো। ভোটাররা সহজেই এই তথ্য দেখে নিতে পারেন এবং ভোটকেন্দ্রে যাওয়ার সময় সুবিধা পাবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।