Image description
 

নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসব ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এসব ভোটকেন্দ্রের কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ঘটনাস্থল পরিদর্শন করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসমা বিনতে রফিক বলেন, কেন্দ্রগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।