Image description

নির্বাচনি প্রচারের কয়েক দিন সারা দেশ চষে বেড়ানোর পর এখন গুলশানে নিজের অফিসে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সেখান থেকে সারা দেশে নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলছেন টেলিফোনে। কোন এলাকায় কী অবস্থা, সেই তথ্য নিচ্ছেন প্রার্থীদের কাছ থেকে। বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। গুলশানে নিজের কার্যালয়ে সাংগঠনিক কাজও সারছেন।

ভোটের প্রচারের শেষ দিন মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকে সারা দেশে প্রার্থীদের খোঁজ-খবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন।

সারা দেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন।

দুপুরে গুলশানের বাসা থেকে নিজের কার্যালয়ে যান তিনি। সন্ধ্যায় বনানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

এবারের নির্বাচনে সমমনা দলগুলোর জন্য নয়টি আসন ছেড়ে ২৯১ আসনে লড়ছেন ধানের শীষের প্রার্থী। গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে দলের নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়নগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরে একটানা নির্বাচনি জনসভায় হাজির হয়েছেন তিনি।

সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশে নয় দিনে ৪১টি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। দলের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর বলেন, ধানের শীষে ভোট চেয়ে এসএমএস ও চেয়ারম্যানের রেকর্ডেড কল পাঠানো হয়েছে ভোটারদের কাছে।

শীর্ষনিউজ