Image description

নির্বাচনকালীন সময় ভোট কেনাবেচা বা কোনো ধরনের নাশকতামূলক কাজে অর্থের জোগান বন্ধ করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেনে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। এই সময়ে গ্রাহকেরা নির্দিষ্ট কিছু সেবা ব্যবহার করতে পারলেও ক্যাশ-ইন বা ক্যাশ-আউটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকবে।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ক্যাশ-ইন এবং ক্যাশ-আউট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। অর্থাৎ উল্লিখিত সময়ে কোনো এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকরা তাদের হিসাবে টাকা জমা বা উত্তোলন করতে পারবেন না।

 

সেন্ড মানির ক্ষেত্রেও কঠোর সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন।

 

এদিকে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পে (বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল) ও কেনাকাটার পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান এবং অন্যান্য সরকারি জরুরি সেবার ফি পরিশোধের ক্ষেত্রে বাধা নেই। এগুলো প্রচলিত নিয়মেই সচল থাকবে।

 

সাময়িক অসুবিধার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।