Image description

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টার দিকে খেয়াল রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার বিকেলে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের সমর্থনে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী ১২ তারিখে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির কাণ্ডারি এখন তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান। আমরা গোটা দেশের বিএনপিপরিবার তথা বাংলার জনগণ আজ তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মানিক, পৌর বিএনপির সম্পাদক মো. মাইনুল হোসেন প্রমুখ।

 

জামায়াতের প্রার্থীর জনসভা
সোমবার বিকেলে একই আসনের ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর সমর্থনে জনসভা হয়েছে। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মাঠের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ। দলের উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সাবেক আমির মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।