নাটোর-১ আসনের লালপুরে বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা কয়েকজন আহত হয়েছে। এ সময় বিএনপি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। আটক করা হয় একজনকে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে ৮টার দিকে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা আরবাব ইউনিয়নের কচুয়া এলাকায় মিছিল বের করেন। মিছিলটি কচুয়া বাজারে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনে ক্যাম্প অতিক্রম করলে টিপু সমর্থকদের গালাগালি করা হয়। এ সময় তর্কাতর্কি থেকে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় শাহিন ও রুবেল নামে দুজন আহত হয়।
এ সময় পুতুলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে টিপু সমর্থকেরা। একপর্যায়ে পুতুল সমর্থকরা খলিলুর রহমান নামে একজন টিপু সমর্থককে ধরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খলিলকে আটক করে। অপরদিকে আহত শাহিনুর ও রুবেল কে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আটক খলিলকে নিরাপত্তায় হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ ফোন ধরেননি।