Image description

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, ইসলাম ধর্মকে নষ্ট করতে আর কারও প্রয়োজন নেই, জামায়াতে ইসলামই যথেষ্ট। কারণ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জনসভায় শাহজাহান মিঞা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে শত শত নিমগাছ রোপণ করেছিলেন। বর্তমানে সেই গাছগুলো হজযাত্রীদের ছায়া দিচ্ছে। এ কারণে বিএনপিই প্রকৃত ইসলামি দল বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অন্যদিকে জামায়াতে ইসলাম ইসলাম ধর্মকে বিকৃত করছে। তাদের নেতারা একেক সময় একেক ধরনের বক্তব্য দেন এবং হাদিসও নিজেদের মতো করে ব্যবহার করেন।

 

শাহজাহান মিঞা বলেন, দেশের সংবিধানে আগে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ছিল না। এটি সংযোজন করেছিলেন জিয়াউর রহমান। তিনি বর্তমান সময়ে জামায়াতে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

বক্তব্যের শেষাংশে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি আমাদের জামায়াতে ইসলামী নামক দলটির কাছ থেকে রক্ষা করো।

নির্বচনি সভায় নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম।