রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ শুক্রবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। আজ বিকেল ৪টার দিকে কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, শহীদ ওসমান হাদির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পেছনে দেশি-বিদেশি কোনো আধিপত্যবাদী চক্রের গভীর ষড়যন্ত্র আছে কি না, তা জাতিকে জানাতে হবে। অবিলম্বে আজকের হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আমরা আজকের হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি যে, অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা না করলে ছাত্র-জনতা আবারও রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।