Image description
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবারো একটা ফ্যাসিস্ট তৈরি হবে। ১৯৭১ সালে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশের স্বাধীনতা রুখতে চেয়েছিল। জামায়াত কখনোই দেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। 
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত তিনটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। একটিতে অংশ নিলেও, ফল আগেই নির্ধারিত ছিল। ২০২৪ সালের নির্বাচনের সময় আমরা সবাই কারাগারে ছিলাম। কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাই এবারের ভোটে কোনো ধরনের জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই।
 
তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে তারা একটি নিরপেক্ষ সরকার। তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আগ্রহী। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে জোরজবরদস্তি বা রাতের ভোট আর হবে না। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে। 
 
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।
 
তিনি আরও বলেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন। তাই হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন। আপনাদের আমানতের খেয়ানত করা হবে না। 
 
সময়ের আলো