জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এস আই আবদুল মালেককে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় শুনে জ্ঞান হারিয়ে ফেলেন সাবেক এই এসআই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
রায়ের পর তিনি কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন মিথ্যা মামলা কেন দিল?, আল্লাহ বিচার করবে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গনেই জ্ঞান হারান তিনি।
এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে রায় ঘোষণা শুরু করেন আদালত। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এছাড়া চিফ প্রসিকিউটরের লিংক থেকে সরাসরি দেখানো হয়।
এদিন সকালে মামলার ১৬ আসামির মধ্যে আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের আনা হয়। আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।