Image description

জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে নির্বাচনে প্রচার প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাধা, হুমকি, শারীরিক আঘাত ও এলাকাছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

পাশাপাশি ঝুকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়। এ ছাড়া সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও তুলেন তিনি। 

 

অভিযুক্তদের গ্রেপ্তার দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ সময় জামালপুর জেলা এনসিপির সদস্যসচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, শূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় জোটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।