Image description

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এক সময় কে বা কারা পরিকল্পিতভাবে নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় বলে অভিযোগ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের। 

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পটি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের তেঁতুলতলা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে অবস্থিত। কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ক্যাম্পটিতে আগুনে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় আংশিকভাবে পুড়ে যায়।

 এ ঘটনায় আসনটির নির্বাচনী মাঠে উত্তেজনা বিরাজ করছে।

 

কানাইপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা শেখ বলেন, “ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে দেখি ক্যাম্পে আগুন জ্বলছে। দ্রুত স্থানীয়দের খবর দিই। এরপর সবার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সময়মতো আগুন নেভানো না হলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানায় স্থানীয়রা।

এদিকে, ক্যাম্পে আগুন লাগার ঘটনা খবর ছড়িয়ে পড়তেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্যাম্পে ছুটে আসেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এটি নির্বাচনী পরিবেশ অশান্ত করার পরিকল্পিত অপচেষ্টা। নির্বাচনের আগে এমন ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা তৈরি করতে পারে বলেও আশঙ্কা তাদের।

 

ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে, আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফরিদপুর জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক জীবনে এই প্রথম সরাসরি ফরিদপুর শহরে আসছেন  তারেক রহমান। তাঁর আগমনের খবরে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের বন্যা। ব্যানার, ফেস্টুন, মাইকিং ও জনসমাগমে ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর।