চাহিদার তুলনায় খুবই কম নতুন টাকা ছাপার কারণে বাজারে চরম সংকট দেখা দিয়েছে। ব্যাংকের শাখাগুলোতে এসে নতুন টাকা না পেয়েই ফিরে যাচ্ছেন গ্রাহক। বাধ্য হয়ে দ্বিগুণ দামে খোলা বাজার থেকে নতুন টাকা কিনছেন তারা।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন টাকার চাহিদা তুঙ্গে।
আনিসুর রহমান নামের একজন ব্যক্তি সেখানে গিয়ে নতুন টাকা পাননি। ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে এখনো টাকা এসে তাদের হাতে পৌঁছায়নি। গতকাল যা এসেছিল তা শেষ হয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সামনের খোলা বাজার এবং গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, ২০ টাকার প্রতিটি নোট ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর নতুন করে কোনো টাকা ছাপা হয়নি। বন্ধ রয়েছে পুরাতন ছাপানো টাকা সরবরাহ কার্যক্রমও। তাই বাজারে নতুন টাকার চরম সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, রবিবার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। পাশাপাশি ব্যাংকগুলোতে বিতরণ শুরু হয়েছে।