স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও এ নির্বাচনে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা থাকে। সুতরাং তাদের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কঠিন। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক এই সংলাপের আয়োজন করা হচ্ছে। ১ ডিসেম্বর পর্যন্ত সংলাপ চলবে।
রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টিসহ ১৫টি রাজনৈতিক দলের নেতারা।
শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে নির্বাচনকে বাধাহীন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ—এ ধরনের বিশেষণ দিয়ে উল্লেখ করতে হয়। উন্নত বিশ্বে নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ ব্যবহারের প্রচলন নেই। নির্বাচন মানেই হলো ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। এটাই নির্বাচনের প্রকৃত অর্থ।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতায় কমিশন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে পেরেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক দলও এই নির্বাচনের প্রশংসা করেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে কমিশনের পক্ষে এমন নির্বাচন আয়োজন সম্ভব হতো না।’
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, ‘কমিশন প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই কার্যক্রম শুরু করতে চায়। দেশের কোটি কোটি মানুষ গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেবা পেয়ে থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় মানুষ সেসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যমেও এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এ কারণে একসঙ্গে নির্বাচন না করে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপের নির্বাচন জানুয়ারি থেকে শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। রাজনৈতিক দলের প্রতীক থাকবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশন নির্ধারিত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন ও পৃষ্ঠপোষকতার প্রার্থীরা মাঠে থাকবেন। রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতাদের এলাকায় প্রভাব ও প্রতিপত্তি রয়েছে।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নাই। যেহেতু দলীয় কোনো নির্বাচন হচ্ছে না, সেহেতু দলভিত্তিক কারও এজেন্ডা থাকার কোনো কথা নয়।’
সিইসি বলেন, ‘আমরা দুটি জিনিস চাই—সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন ও স্বচ্ছতা। ঐতিহাসিকভাবে দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছ। অনেক সহিংসতা হয়। নির্বাচনে কী চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো আমরা ধারণাও করতে পারছি না। যে চ্যালেঞ্জগুলো আসবে আমরা আপনাদের সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে চাই।’