কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. আলমগীর হোসাইন তালুকদার। আগের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ হাজার ৭৭৭ ভোট পেয়েছিলেন তিনি। তবে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় সেবার তার জামানত বাজেয়াপ্ত হয়।
শনিবার (২৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে তাকে পুনরায় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। চরমোনাই মাহফিলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের পদত্যাগে আসনটি শূন্য হয়। আগামী ১০ জানুয়ারি এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৭ ডিসেম্বর হবে বাছাই। আপিল গ্রহণ ৮ থেকে ১২ ডিসেম্বর এবং নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এর আগে গত ২৫ নভেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের উপনির্বাচনের তারিখ ও তফসিলের বিষয়টি জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।