Image description

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার (৩০) নামে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। তিনি একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। শনিবার রাত ৮টার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসা প্রিয় নামে এক তরুণ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গেও বিরোধ বাধে।

একপর্যায়ে ওই ভাড়াটিয়া নারী, তার ছেলে আরিফসহ কয়েকজন আনোয়ারকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।