Image description

ডেঙ্গুর প্রকোপ সামলাতে ও সিটি করপোরেশন এলাকায় মশার বিস্তার কমাতে গত ৫ বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ৬শ’ কোটি টাকার বেশি খরচ করেছে। তবুও থেমে নেই এডিস মশার বিস্তার। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশার বিস্তার অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। চলতি বছরে শুধুমাত্র ঢাকা মহানগরে ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত ৩৭৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে মারা গেছে ৫৩০ জন। অর্থাৎ, গত বছরের নির্দিষ্ট ১১ মাসের চেয়ে এই বছরের ১১ মাসে প্রাণহানি বেশি। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যায়ও বিস্তর ফারাক দেখা গেছে। গত বছরের ১১ মাসে ৯৩ হাজার ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হলেও এই বছর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। অর্থাৎ গত বছরের তুলনায় সাড়ে ৮৬ হাজারের অধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশনের গত ৫ বছর, অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘেঁটে দেখা যায়, পাঁচ বছরে মশা নিধনে দুই সিটি ব্যয় করেছে ৬০৫ কোটি টাকা। এর মধ্যে ডিএনসিসি ৪০৯ কোটি এবং ডিএসসিসি ১৯৬ কোটি টাকা ব্যয় করেছে। চলতি অর্থবছর অর্থাৎ, ২০২৬-২৭-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ২০৮ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় সাড়ে ৪ শতাংশ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) চলতি অর্থ বছরে মশক নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়িয়েছে প্রায় ১২০ শতাংশ। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ খাতে ১২১ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের ৫৫ কোটি ৩১ লাখ টাকা থেকে বেড়ে ৬৬ কোটি ৩৫ লাখ টাকা বা প্রায় ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ব্যয়ের মধ্যে শ্রমিকদের মজুরিতে ৫৫ কোটি টাকা, কীটনাশক কেনায় ৫০ কোটি ৫০ লাখ টাকা, জ্বালানি ব্যয়ে ৮ কোটি টাকা এবং মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনায় ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।

ঢাকার নাগরিকরা বলছেন, মশার আক্রমণে অতিষ্ঠ তারা। দিনদুপুরে বাসাবাড়িতে ভনভন করে মশা। অনেক সময় দিনের বেলা মশারি টানিয়ে থাকতে হয়। সাধারণ কয়েলের ধোঁয়ায়ও নিয়ন্ত্রণ করা যায় না মশা। মিরপুরের পীরেরবাগ এলাকার গৃহিণী তাসমিয়াহ আমিন মানবজমিনকে বলেন, আমি বিল্ডিংয়ের ৫ তলায় থাকি। আগে এখানে মশা খুব একটা ছিল না। এখন মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মশা মারার ব্যাট কিনে নিয়েছি না পেরে। মালিবাগ এলাকায় স্ত্রীসহ থাকেন সাহেদুজ্জামান সাকিব। তিনি বলেন, মশার আক্রমণে দিনদুপুরে কাথা গায়ে দিয়ে ফ্যান ছেড়ে দিই। রাতে মশারি ছাড়া ঘুমানোই যায় না।

এদিকে গত কয়েক বছরে দেশে তিন দফায় নতুন সরকার এলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে পদ্ধতিগত বড় পরিবর্তন আনতে পারেনি কেউই। ২০২৩ সালে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশ। মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বড় অঙ্কের অর্থ বরাদ্দও দেয়। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় তখন। ২০২৪ সালের মার্চের দিকে আওয়ামী লীগ সরকারের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল অনুমোদন করে। ওই কৌশল মোতাবেক ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ একজন এবং মৃত্যুহার শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু ডেঙ্গু আক্রান্তের হার কমানো যায়নি এখনো। ২০২৪ সালের ৮ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার ডেঙ্গু মোকাবিলায় কয়েকটি উদ্যোগের কথা জানায়। তখনো অনিয়ন্ত্রিতই ছিল ডেঙ্গু। বিএনপি’র সরকারের আমলে ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক আসলেও নানা উদ্যোগ নেয়। কিন্তু সনাতন নিয়মে।

বিশেষজ্ঞরা বলছেন, এডিস ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিত্র থেকে এডিস মশার বিস্তার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। কারণ, সব এডিস মশা ডেঙ্গুবাহিত হয় না। আবার, ডেঙ্গু আক্রান্ত সব রোগীরা গণনার মধ্যে আসেন না। তবে সরকার তথ্য-প্রমাণভিত্তিক উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা এডিস মশা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বলেও দাবি বিশেষজ্ঞদের।

কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার মানবজমিনকে বলেন, সাধারণত সব এডিস মশার কামড়েই ডেঙ্গু হয় না। কারণ, সব মশার মধ্যে ডেঙ্গুর জীবাণু থাকে না। জীবাণুযুক্ত মশা থেকে ডেঙ্গু হয়। ডেঙ্গু ফ্রি মশার কামড়ের স্থানে জ্বালাপোড়া, ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আমরা যা জানি তার চেয়ে আসলে বেশি। আমরা যে হিসাব পাই সেটি শুধুমাত্র হাসপাতালের ভর্তি রোগীদের হিসাব। কিন্তু এর বাইরেও অসংখ্যা রোগী আছে যারা হাসপাতালে ভর্তি হন না। বাসায় চিকিৎসা নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ মানবজমিনকে বলেন, ডেঙ্গুর বিষয়টি শুধু সিটি করপোরেশনের ব্যাপার না। এখন ডেঙ্গু তো সারা দেশ জুড়ে হচ্ছে। সেজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে শুরু করে সব মন্ত্রণালয় উদ্যোগ নিতে হবে। সারা দেশ জুড়ে যত পৌরসভা আছে, সিটি করপোরেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে, সকলে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য। এডিস মশা নিয়ন্ত্রণে দুটো কার্যকর উদ্যোগের কথা জানিয়ে ডা. বেনজির আহমেদ বলেন, একটা হলো- যেখানে পানি জমে- ছোট ছোট কন্টেইনারে, বিভিন্ন পাত্রে; এই পানি জমতে দেয়া যাবে না। আর যেখানে পানি ফেলে দেয়া যাবে না, সেখানে লার্ভিসাইডিং দিতে হবে।