দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান তিনি।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি আহত সদস্যদের সাহস জোগান এবং দায়িত্ব পালনে তাদের ভূমিকার প্রশংসা করেন। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন।সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তারা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হয়েও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করা হচ্ছে। দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব চেষ্টা সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্মজীবন পরিকল্পনার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
পুলিশ সদস্যদের অধিকাংশ চিকিৎসা আঘাতজনিত হওয়ায় অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া হাসপাতালে ক্যানসার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মত দেন মন্ত্রী।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।
শীর্ষনিউজ