নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।
স্থানীয় চা-দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।