Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার (৩০ নভেম্বর) এই পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

তবে চুক্তির একটি বিশেষ শর্ত ঘিরে তৈরি হয়েছে আলোচনা। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। অবশ্য নতুন বিমানবন্দর নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে ফ্লাইট বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে এই টার্মিনাল। সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে চারটি জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলো হলো—সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

চুক্তির শর্ত অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ সরকারকে এককালীন ৮১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ এককালীন প্রাপ্ত অর্থের পরিমাণ মোট প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও কয়েকটি ধাপ রাখা হয়েছে। চুক্তির পর প্রথম আট মাস সরকার কোনো রাজস্ব পাবে না। পরবর্তী ছয় মাসে মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে, বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকেও আয় করবে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি বাবদ গুনতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।

নতুন টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বর্তমানে শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে এই ব্যবসার অর্ধেক অংশ অন্য অপারেটরের কাছে চলে গেলে বিমানের আয়ে বড় প্রভাব পড়তে পারে।

তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে ১ হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ; গত অর্থবছরে বেবিচকের আয় ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং আগামী ডিসেম্বরে আরও প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, ‘তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।’

বেবিচক সূত্র জানায়, আগামী ১৬ ডিসেম্বর দুটি ফ্লাইট ছেড়ে যাওয়া এবং দুটি অবতরণের মাধ্যমে টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে এর সূচনা হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নতুন এই টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়েছিল।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনালটি চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্তগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।’ তার মতে, বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়লেও স্লট বরাদ্দ নির্ভর করবে সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশন খাতে যাত্রীসেবা ও সক্ষমতা বাড়বে। তবে ১৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি, ১০০ কিলোমিটারের মধ্যে বাণিজ্যিক বিমানবন্দর নির্মাণে নিষেধাজ্ঞা, যাত্রীদের বাড়তি মাশুল এবং ঋণ পরিশোধের চাপ সামলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটা লাভবান হবে, তা নির্ভর করবে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম ও রাজস্ব আয়ের গতির ওপর।

ঢাকাটাইমস