হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান নেতৃত্বে ফিরতে পারছেন না প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর অনুসারীরা। তবে সংগঠিত হওয়ার চেষ্টা থামাননি তারা। শফীর ছেলে আনাস মাদানীর নেতৃত্বে নিজেদের মধ্যে যোগাযোগ ও বৈঠক করছেন। অনুকূল পরিবেশ পেলে নিজেদের উপস্থিতি জানান দেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজত এখন তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বিএনপি সরকারের সঙ্গে বর্তমান নেতৃত্বের সুসম্পর্ক তাদের আরও শক্তিশালী করেছে। এতে আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের মাঠে নামার উদ্যোগ কঠিন হয়ে পড়েছে।
আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে হেফাজতের নেতাকর্মীরা নির্দয়ভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছিলেন। তবে একপর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে সংগঠনটির সম্পর্কের উন্নতি ঘটে। বিষয়টি সংগঠনের বড় একটি অংশ ভালোভাবে নেয়নি। এ থেকেই বিভক্তির সূত্রপাত।
আহমদ শফীর মৃত্যুর পর দুই দফায় কমিটি গঠন করা হয়– ২০২০ ও ২০২৩ সালে। দুই কমিটিতেই বাদ পড়েন আহমদ শফীর ঘনিষ্ঠ হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মাওলানা আবুল হাসানাত, হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহসহ কয়েকজন নেতা। ২০২০ সালের কমিটিতে বাদ পড়েছিলেন আহমদ শফীর আরেক ঘনিষ্ঠজন হেফাজতের সাবেক নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসও। তিনি অবশ্য ২০২১ সালের ৩১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই অংশের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাল্টা কমিটি গঠন করতে না পারলেও নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সংগঠিত হচ্ছেন তারা। সময়মতো মাঠে সরব হবেন।
ছাত্র-শিক্ষকদের বিক্ষোভের মুখে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই রাতেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর অনুসারীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মৃত্যুর প্রায় তিন মাস পর সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের বিভক্তি প্রকাশ্যে দেখা দেয়। তৈরি হয় দুটি গোষ্ঠী। তবে পরে আহমদ শফীর অনুসারীরা সংগঠনে কোণঠাসা হয়ে পড়েন।
হেফাজতের নির্ভরযোগ্য সূত্র জানায়, আহমদ শফীর মৃত্যুর পর তাঁর ছেলে আনাস মাদানীকে সংগঠনের আমির করার চেষ্টা করেছিলেন অনুসারী নেতাকর্মীরা। কিন্তু তাদের পক্ষে তা সম্ভব হয়নি। ২০২০ সালে গঠিত কমিটিতে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির এবং মাওলানা নুরুল হোসাইন কাসেমীকে মহাসচিব করা হয়। ১৫১ সদস্যের ওই কমিটি পরে ২০১ সদস্যে উন্নীত হয়। এতে জায়গা হয়নি আনাস মাদানীসহ এই অংশের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার। ফলে আহমদ শফীর অনুসারী মাওলানা ওয়াক্কাস ও মাওলানা রুহী তখন সংবাদ সম্মেলন করে ওই কমিটি বর্জনের ঘোষণা দিয়ে নতুন কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা তা পারেননি।
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির করে নতুন কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের ৩১ আগস্ট সংগঠনটির ২০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতেও জায়গা হয়নি মাওলানা মামুনুল হকের। বাদ পড়েন আনাস মাদানীসহ এই অংশের গুরুত্বপূর্ণ নেতারা।
সূত্র জানায়, আল্লামা আহমদ শফী মৃত্যুর আগে বয়সের ভারে ন্যুব্জ ছিলেন। সে সময় তাঁর ছেলে ও হেফাজতে ইসলামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনাস মাদানী সংগঠন নিয়ন্ত্রণ করতেন। এমনকি তৎকালীন সরকারের উচ্চপর্যায়েও যোগাযোগ রাখতেন তিনি। এ নিয়ে সংগঠনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তবে বাবার অবর্তমানে একপর্যায়ে দল থেকে ছিটকে পড়েন তিনি।
হেফাজত নেতা মাওলানা আনাস মাদানী সমকালকে বলেন, ‘আমার মরহুম পিতা আল্লামা আহমদ শফী ইমান-আকিদাসহ নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে হেফাজত ইসলাম গঠন করেছিলেন। তার অবর্তমানে সেই লক্ষ্য থেকে সরে এসেছে সংগঠন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর লক্ষ্যকে যারা ধারণ করেন, তারা হারিয়ে যাননি। আমাদের নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা আগে থেকেই নিজেদের মধ্যে সংগঠিত। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময়মতো আমরা নিজেদের উপস্থিতি জানাব। একদিন হয়তো আমাদের সেই দিন আসবে এবং সত্যের জয় হবে।’ হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসায় যোগ দিয়েছিলেন মাওলানা আনাস। এখন সেটিও ছেড়ে সেখানে নতুন একটি মাদ্রাসা নির্মাণ করছেন তিনি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অংশের আরেক সিনিয়র নেতা সমকালকে বলেন, ‘আল্লামা আহমদ শফীর হেফাজত আর এখনকার হেফাজতের মধ্যে অনেক পার্থক্য। এখন অনেকেই নিজেদের খুশিমতো সংগঠন পরিচালনা করছেন। এটা মেনে নিতে কষ্ট হয়। আমরা সবাইকে নিয়ে আগের সেই হেফাজতে ফিরতে চাই। এ জন্য কাজ চলছে।’ তিনি আরও জানান, মাঝে মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামকেন্দ্রিক নেতারা বৈঠক করেন।
এ ছাড়া অনলাইন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সারাদেশের কওমি আলেমদের সঙ্গে যোগাযোগ রাখেন। তারা মনে করেন, আহমদ শফীর অনেক ভক্ত-অনুসারী আছেন। সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের একটা বিশাল অংশের কাছ আল্লামা শফী এখনও তুমুল জনপ্রিয়। তাঁর হাতে লেখা ১৩ দফা ঘষামাজা করার মধ্য দিয়ে আপসরফা করা হয়েছে। এভাবে তাঁর মূল লক্ষ্য থেকে অন্যপক্ষের নেতারা সরে এসেছেন।
তবে হেফাজতে ইসলামের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সমকালকে বলেন, যারা নিজেদের সংগঠিত করার কথা বলছেন, তাদের কোনো অস্তিত্ব নেই। সংগঠনে তাদের কোনো প্রভাব নেই। নিজেদের ভুলের কারণে তারা অনেক আগেই হারিয়ে গেছেন। তাই যারা নতুন হেফাজতের স্বপ্ন দেখছেন, তারা দিবাস্বপ্ন দেখছেন।