ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলেকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে হামলায় প্রাণে বেঁচে গেছেন তার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া ও পরিবারের সদস্যরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস। খবর আল জাজিরার
হামাস কর্মকর্তা বাসেম নাইম জানান, ২৯ বছর বয়সি ইজ্জেলদিন ও তার পরিবার শুক্রবার ভোরের হামলা থেকে বেঁচে গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের কয়েকটি সূত্র জানিয়েছে, হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে হামাসপ্রধানের পুত্রবধূও রয়েছেন।
খলিল আল-হাইয়ার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও হামলা থেকে বেঁচে গেছে।
বাসেম নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিনই এখন হামাসপ্রধানের একমাত্র জীবিত ছেলে। এর আগে ইসরাইলি বাহিনীর হামলায় তার চার ভাই নিহত হয়েছেন। তারা হলেন—হামজা (২০০৮), ওসামা (২০১৪), হুমাম (গত বছরের সেপ্টেম্বর) এবং আজ্জাম (চলতি বছরের মে)।
ইজ্জেলদিন ও হুমাম ছিলেন যমজ ভাই। গত বছর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলায় নিহত হন হুমাম। ওই সময় আলোচনায় অংশ নিতে কাতারে অবস্থান করছিলেন খলিল আল-হাইয়া। তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। চলতি বছরের জুলাইয়ে হামাসের নেতা হিসেবে দায়িত্ব পান তিনি।
শুক্রবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি এ ঘটনাকে খলিল আল-হাইয়ার ছেলেকে হত্যার চেষ্টা এবং তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা হিসেবে বর্ণনা করেছে।
হামাসের অভিযোগ, সংগঠনটির প্রধানকে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সেই হুমকির ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে।
এ হামলার মাধ্যমে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে ইসরাইল বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস বলেছে, এ ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরাইলি নেতাদের মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার বিষয়টি তুলে ধরেছে।
যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় উপত্যকাটিতে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এদিকে, একই দিন গাজার অন্যান্য এলাকায় ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বছরের বেশি সময় আগে যুদ্ধবিরতি চুক্তি হলেও উপত্যকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।