Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ভেবে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাহফিল থেকে ফেরার পথে শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে নেত্রকোনা বাইপাস সড়কের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ওয়াসেক বিল্লাহ নোমানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার প্রতাপপুর এলাকার রাহেলা পারভীন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল শেষে ফিরছিলেন ওয়াসেক বিল্লাহ নোমানী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা রাতে পাহারা দিচ্ছিলেন। গাড়িতে সন্দেহজনক কেউ আছে কি না, তা দেখতে তারা গাড়িটিকে থামার সংকেত দেন। গাড়ি না থামালে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।

এ ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক ভিডিও বার্তায় জানান, গভীর রাতে বাইপাস সড়ক দিয়ে চল্লিশার উদ্দেশে যাওয়ার পথে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য তিনি গাড়ি নিয়ে নেত্রকোনা শহর অতিক্রম করে মডেল থানায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা পিছু ধাওয়া করে থানার সামনে পর্যন্ত পৌঁছে যায়। সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়।

 

নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এই ভুল ধারণা থেকেই তারা হামলা চালান।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এটা ভুল-বোঝাবুঝি ছিল। ঘটনাটি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

 

নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত হামলা করে জ্বালাও-পোড়াও করছে। এজন্য বিভিন্ন জায়গায় আমাদের লোকজন পাহারায় ছিলেন। গাড়িটি যাওয়ার সময় আমাদের লোকজন থামার সংকেত দিলেও চালক না থামিয়ে দ্রুত চলে যায়। গাড়ি থামালে এমনটা হতো না। এ ঘটনার জন্য আমরা তাকে সরি বলেছি। এটি একটি ভুল-বোঝাবুঝি ছিল।