রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেক মুসলমানকে নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলামের ফরজ বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেছেন, ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করা ছাড়া সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে না।
শুক্রবার (২৭ নভেম্বর) চরমোনাই ময়দানে জুমার নামাজের আগে বয়ানে তিনি এসব কথা বলেন।
বয়ানে পর্দার বিধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফয়জুল করীম বলেন, পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের কোথাও এ বিধান লঙ্ঘনের সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে পর্দার বিধান মেনে চলতে হবে।
তিনি বলেন, ব্যক্তিজীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে।
এদিকে, চরমোনাই ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন।
জুমার জামাতে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।