Image description

মাত্র ৮ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি! এ যেন অবিশ্বাস্য এক ব্যাপার। ঠিক এমনটাই হলো পাকিস্তানের নারী ক্রিকেটে। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ২০ জন থেকে কমিয়ে মাত্র ৮ জন নিয়ে কেন্দ্রীয় চুক্তি সাজিয়েছে  পিসিবি।

নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার রাখার বিষয়টি বেশ বিতর্কের জন্ম দিয়েছে। যেখানে একাদশ সাজাতেই প্রয়োজন হয় ১১ জন খেলোয়াড়, সেখানে এত অল্প ক্রিকেটার নিয়ে কেন চুক্তি সাজানো হলো, সে নিয়েই উঠেছে প্রশ্ন।

কেন্দ্রীয় চুক্তি থেকে 'ডি' ও 'ই' ক্যাটাগরি একেবারে বাদই দিয়ে দিয়েছে বোর্ড। আগের চুক্তিতে এই দুই তালিকায়ই ছিলেন ১২ জন ক্রিকেটার।

আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভাইজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আক্তার বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। এছাড়া 'ই' ক্যাটাগরিতে থাকা ইয়ামিন ফাতিমা ও শাওয়াল জুলফিকারকেও এবার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।

যারা কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন, তাদেরও নির্ভার বসে থাকার সুযোগ নেই। হুঁশিয়ার করে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনা করে ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হয়েছে।'

অধিনায়ক ফাতিমা সানা রয়েছেন 'এ' ক্যাটাগরিতে। যেখানে তার সঙ্গী সাদিয়া ইকবাল। মুনিবা আলী সিদ্দিকী, নাশরা সান্ধু ও সিদরা আমিনকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। গুল ফিরোজা ও সাদাফ শামাস আছেন আয়েশা জাফরের সাথে ‘সি’ ক্যাটাগরিতে।

পিসিবি জানিয়েছে, 'সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভালো পারফরম্যান্সের পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করেই তাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’