Image description

বাংলাদেশের উৎপাদন খাতে কৃত্রিমভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ তুলে দেশটি নতুন করে ট্যারিফের প্যাঁচে ফেলতে চায় ঢাকাকে। আর এই কৃত্রিমভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শ্রমিকের নিম্ন মজুরি থেকে শুরু করে রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার মতো বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছে দেশটি। আর এই অভিযোগই আসছে বাংলাদেশের ওপর ট্যারিফ বা শুল্ক আরোপের নয়া কৌশল হিসেবে।

 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ নিয়ে একটি তদন্তও করেছে। তারা তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, সরকারি নীতি ও প্রণোদনায় রপ্তানি বাড়ানো, চীন থেকে সস্তায় কাঁচামাল আনা এবং শ্রমিকের মজুরি কম রাখার মাধ্যমে বাংলাদেশ মুক্তবাজারের নিয়ম উপেক্ষা করছে। ইউএসটিআরের ভাষ্য, এসব আচরণ ‘অযৌক্তিক’ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ‘বোঝা’। প্রতিবেদন অনুযায়ী, এর ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শুল্কের এখনকার অবস্থা

ইউএসটিআরের প্রতিবেদন প্রকাশের পর নতুন করে বাংলাদেশের ওপর শুল্ক বসায়নি যুক্তরাষ্ট্র। তবে দেশটির আলাদা একটি তদন্তের ভিত্তিতে চলতি বছরের ২৪ জুলাই থেকে বাংলাদেশের সব পণ্যে নতুন ১০ শতাংশ শুল্ক চলমান। ওই তদন্তের বিষয় ছিল, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে বাংলাদেশ যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কি না।

ফলে বাংলাদেশের তৈরি পোশাকে মোট শুল্ক এখন ২৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ আগে থেকেই থাকা সাধারণ শুল্ক। নতুন এই শুল্ক মূলত যুক্তরাষ্ট্রের আগের ১০ শতাংশ অস্থায়ী শুল্কের জায়গা নিয়েছে। চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ ৩৮টি দেশের জন্য শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ। ফলে বাংলাদেশ তুলনামূলক কম শুল্কহারের স্তরে আছে।

তদন্ত শুরু যেভাবে

যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০২(বি)(১)(এ) ধারায় ২০২৬ সালের ১১ মার্চ এই তদন্ত শুরু হয়। বাংলাদেশসহ ১৬টি দেশ ও অর্থনৈতিক জোটের বিরুদ্ধে একসঙ্গে তদন্ত চলছে। উদ্দেশ্য ছিল, বাংলাদেশের নীতি ও আচরণ ওই আইনের ৩০১ ধারা অনুযায়ী ‘অযৌক্তিক’ কি না এবং যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান ও শ্রমিকদের ওপর কী প্রভাব ফেলছে, তা দেখা। অন্যায্য বাণিজ্যচর্চার জবাবে ৩০১ ধারা যুক্তরাষ্ট্র সরকারকে শুল্কসহ পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়।

‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ কী

তদন্তের কেন্দ্রে আছে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ ধারণাটি। সহজ ভাষায়, মুক্তবাজারের চাহিদা ও জোগানের হিসাবে কোনো দেশের কারখানার যতটা উৎপাদনক্ষমতা থাকার কথা, তা যদি ধারাবাহিকভাবে তার চেয়ে বেশি থাকে এবং সরকারি নীতির সহায়তায় টিকে থাকে, তাহলে সেটি এই ধারণার আওতায় পড়ে।

ইউএসটিআরের যুক্তি, বিশ্ববাজারে চাহিদা সীমিত। তাই কোনো দেশ বাজারের চাহিদার বাইরে বাড়তি পণ্য ছেড়ে দিলে আন্তর্জাতিক বাজারে দাম কৃত্রিমভাবে কমে যায়। তখন যুক্তরাষ্ট্রের মতো দেশের কারখানাগুলো অসম প্রতিযোগিতায় পড়ে বাজার হারায়। সংস্থাটি অবশ্য স্পষ্ট করেছে, এতে বাংলাদেশকে ‘অবাজারভিত্তিক অর্থনীতি’ বলা হচ্ছে না।

সরকারের যে তিন নীতি নিয়ে অভিযোগ

প্রতিবেদনে সরকারের তিনটি নীতি ও কাজকে অতিরিক্ত সক্ষমতার কারণ বলা হয়েছে।

প্রথমটি, শিল্প পরিকল্পনা। ইউএসটিআরের ভাষ্য, সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উৎপাদন খাতকে এগিয়ে নিচ্ছে। আর্থিক সহায়তার মতো নানা প্রণোদনা দিয়ে কারখানাগুলোকে রপ্তানির সক্ষমতা বাড়াতে উৎসাহ দিচ্ছে। তদন্ত শুরুর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকার ৪৩টি খাতে রপ্তানিতে নগদ প্রণোদনা দেয়। এর মধ্যে দেশীয় বস্ত্র ও চামড়াজাত পণ্যও আছে।

দ্বিতীয়টি, আমদানি। অভিযোগ হলো, যেসব দেশের অর্থনীতিকে যুক্তরাষ্ট্র বাজারভিত্তিক বলে মনে করে না, বিশেষ করে চীন থেকে সস্তায় কাঁচামাল ও মূলধনী পণ্য (কারখানার যন্ত্রপাতি ও এ ধরনের উপকরণ) আমদানি এবং ওই সব দেশের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ যথেষ্ট ব্যবস্থা নেয়নি। ইউএসটিআরের দাবি, এর ফলে ওই দেশগুলোর বাড়তি উৎপাদন বাংলাদেশের কারখানা হয়ে বিশ্ববাজারে যাচ্ছে।

তৃতীয়টি, শ্রম আইন। ২০২৬ সালের এপ্রিলে শ্রম আইন সংশোধন হলেও ইউএসটিআরের মতে, আন্তর্জাতিক শ্রম অধিকার রক্ষা এবং বাজারের নিয়মে মজুরি নির্ধারণে ঘাটতি রয়ে গেছে। তাদের অভিযোগ, আইন প্রয়োগে শিথিলতা এবং মজুরি নির্ধারণে বাধার কারণে শ্রমের খরচ কৃত্রিমভাবে কম থাকছে।

তথ্য-উপাত্তে যা দেখানো হয়েছে

ইউএসটিআর নিজেই স্বীকার করেছে, অতিরিক্ত সক্ষমতা মাপার কোনো একক মানদণ্ড নেই। তাই তারা পাঁচটি অর্থনৈতিক সূচকের সমষ্টিগত চিত্র তুলে ধরেছে

প্রথম সূচক

জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) উৎপাদন খাতের অংশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের গড়ে এই অংশ বাংলাদেশে ২১ দশমিক ৯ শতাংশ, আর যুক্তরাষ্ট্রে ৯ দশমিক ৯ শতাংশ। একই সময়ে বাংলাদেশের জিডিপিতে রপ্তানির অংশ ১১ দশমিক ৫ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের ৭ দশমিক ১ শতাংশের চেয়ে ৫০ শতাংশের বেশি।

দ্বিতীয় সূচক

জিডিপিতে শ্রমের কম অংশ। অর্থাৎ, দেশের মোট আয়ের তুলনামূলক কম অংশ মজুরি হিসেবে শ্রমিকদের হাতে যাচ্ছে।

তৃতীয় সূচক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য উদ্বৃত্ত; অর্থাৎ, আমদানির চেয়ে রপ্তানি অনেক বেশি। তদন্ত শুরুর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই উদ্বৃত্ত ৬ দশমিক ১৫ বিলিয়ন (৬১৫ কোটি) ডলার। এতে নেতৃত্বে আছে বস্ত্র খাত।

চতুর্থ ও পঞ্চম সূচক

রপ্তানিমুখী প্রধান খাতগুলোতে অবাজারভিত্তিক অর্থনীতি থেকে বিনিয়োগ ও আমদানি বৃদ্ধি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে উৎপাদনের মধ্যবর্তী কাঁচামালের আমদানি বাংলাদেশে বেড়েছে ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলার বা ৬৮ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের আমদানি কমেছে ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলার বা ২১ শতাংশ।

তৈরি পোশাকের বাইরে সিমেন্ট শিল্পের কথাও এসেছে। তদন্ত শুরুর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৪ সালে দেশে সিমেন্টের ভোগ নেমেছে ৩৮ মিলিয়ন টনে, যা মোট সক্ষমতার ৪০ শতাংশের কম। ২০২৫ সালে তা আরও কমেছে। অর্থাৎ, এই খাতের বড় অংশের সক্ষমতা ব্যবহৃত হচ্ছে না।

পোশাক খাত ও শ্রমিকের মজুরি

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সক্ষমতার চিত্র সবচেয়ে স্পষ্ট দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে। ২০২৩ সালে মোট রপ্তানির ৮৫ দশমিক ১ শতাংশ এসেছে এই খাত থেকে। ২০২২ সালের আনুমানিক হিসাবে জিডিপিতেও এর অংশ প্রায় ১১ শতাংশ। দেশে প্রায় ৩ হাজার ৫০০ পোশাক কারখানা আছে, যার প্রায় সবই রপ্তানিমুখী।

মজুরির চিত্রও তুলে ধরেছে ইউএসটিআর। ২০২৩ সালে পোশাকশ্রমিকের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা (প্রতিবেদনের হিসাবে ৭২ দশমিক ৯০ ডলার) থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা (১১৩ ডলার) করা হয়। কিন্তু মূল্যস্ফীতির কারণে ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে প্রকৃত মজুরি, অর্থাৎ ওই আয়ে কেনা যায় এমন পণ্যের পরিমাণ, ১২ থেকে ১৫ শতাংশ কমেছে।

২০২৬ সালের হিসাবে এন্ট্রি-লেভেল (নতুন) শ্রমিকের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা (১০১ দশমিক ৬২ ডলার)। শীর্ষ গ্রেডের অপারেটরের মজুরি ১৫ হাজার ৩৫ টাকা (১২২ দশমিক ২৩ ডলার)। অতি দক্ষ শ্রমিকেরা পান ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা (২০৩ থেকে ২৪৩ ডলার)। তুলনায় ভারতে পোশাকশ্রমিকেরা মাসে গড়ে প্রায় ১৭০ ডলার, কম্বোডিয়া ও ভিয়েতনামে ২০০ ডলার এবং চীনে ৩০০ ডলার পান। ইউএসটিআরের ভাষ্য, দক্ষতা অনুযায়ী মজুরি নির্ধারিত হতে না দিয়ে উৎপাদন খরচ কৃত্রিমভাবে কম রাখা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমছে, যা বিশ্ববাজারে বাড়তি সুবিধা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের চোখে কেন ‘অযৌক্তিক’

ইউএসটিআর তিনটি কারণে বাংলাদেশের নীতিকে ‘অযৌক্তিক’ বলেছে।

প্রথম কারণ, এসব নীতি রপ্তানি ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধিকে লক্ষ্য বানিয়েছে। দেশের ভেতরে চাহিদা কম থাকলেও কারখানার সক্ষমতা বাড়ানো হচ্ছে। আর বাড়তি উৎপাদন বিক্রি করতে বিশ্ববাজারে রপ্তানি করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের সরকারি পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস আগে থেকেই উদ্বেগ জানিয়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ তদন্তাধীন অন্য কয়েকটি অর্থনীতির মতো সফল নয় বলেও প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।

দ্বিতীয় কারণ, চীনের মতো দেশ থেকে অতি সস্তায় কাঁচামাল এনে এবং শ্রমিককে মজুরি কম দিয়ে পোশাকের দাম কম রাখা হচ্ছে। এতে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ স্বাভাবিক বাজার-নিয়ম ও শ্রম আইন মেনে ব্যবসা করে, তারা ন্যায্য প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে।

তৃতীয় কারণ, এই ব্যবস্থা বাংলাদেশের নিজের শ্রমিক ও জনগণের কল্যাণ ক্ষুণ্ন করছে। ইউএসটিআরের যুক্তি, দেশে সংযোজিত মূল্যের ন্যায্য অংশ শ্রমিকদের না দিয়ে উৎপাদক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। এতে দেশের ভেতরের চাহিদা চাপা পড়ছে। প্রতিবেদনের ভাষায় এটি অন্যায্য ও অসমতাপূর্ণ, তাই ‘অযৌক্তিক’। তাদের দাবি, এর পরোক্ষ প্রভাব মার্কিন শ্রমিকদের কর্মসংস্থানেও পড়ছে।

ইউএসটিআরের মতে, এসব নীতি সরাসরি যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। কৃত্রিম সুবিধা পাওয়া বাংলাদেশি পণ্যের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মার্কিন বাজার হারাচ্ছে। বিশ্ববাজারে এবং বাংলাদেশেও মার্কিন উৎপাদকদের রপ্তানির সুযোগ কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে বাংলাদেশের বাণিজ্য-ভারসাম্যে ওঠানামা ছিল। তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে পণ্য বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত স্থায়ী। তাদের দাবি, এই ঘাটতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বস্ত্রশিল্প সংকুচিত হওয়ার একটি কারণ।

এরপর কী

প্রতিবেদনের উপসংহারে ইউএসটিআর বলেছে, বাংলাদেশের নীতি অযৌক্তিক এবং মার্কিন বাণিজ্যের জন্য বোঝা। এই ফলাফল পাল্টা পদক্ষেপ নেওয়াকে যথাযথ বলার ভিত্তি তৈরি করেছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে শুল্ক ও শুল্কবহির্ভূত–দুই ধরনের ব্যবস্থার কথাই বলা ছিল। তবে কী পদক্ষেপ হবে, তা এখনো ঠিক হয়নি। ৩ নভেম্বরের একটি বিশ্লেষণ অনুযায়ী, এই তদন্তের ভিত্তিতে সিদ্ধান্তের সময়সীমা ২০২৭ সালের ১১ মার্চ। অর্থাৎ, ওই সময়ের মধ্যে এ সম্পর্কিত সিদ্ধান্ত আসবে। তবে শুল্কের জন্য এখনো কোনো পণ্যতালিকা তৈরি হয়নি।

যা বলছেন বিজিএমইএ ও বিশেষজ্ঞরা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, পোশাক খাতে মার্কিন উৎপাদন খাতের ক্ষতি করার মতো অতিরিক্ত সক্ষমতা নেই এবং খাতটি জোরপূর্বক শ্রমমুক্ত। তাদের মতে, ‘অতিরিক্ত সক্ষমতা’র কোনো সর্বজনস্বীকৃত সংজ্ঞা বা পরিমাপযোগ্য মানদণ্ড নেই। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে উৎপাদন ক্রেতাদের কার্যাদেশের ওপর নির্ভর করে, তাই অতিরিক্ত উৎপাদন সম্ভব নয়। সেখানে আরও বলা হয়েছিল, সরকার রপ্তানি আয়ের ওপর প্রণোদনা ধাপে ধাপে তুলে নিতে শুরু করেছে।

এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান চরচাকে বলেন, “এটা নতুন নয়। এর আগেও তারা বাংলাদেশের গার্মেন্টস নিয়ে তদন্ত করেছে। এখন হয়তো এর ফলাফল দিল। এখন আমার কথা হলো, তারা যেহেতু আমাদের শিল্প খাত নিয়ে তদন্ত করছে, তাহলে আমরা ইউএসএ’র কোনো বিষয় নিয়ে তদন্ত করতে পারব কি না? এমন একপক্ষীয় তদন্ত ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে করা যায় কি না, সেটাও একটা বিবেচনার বিষয় বলে আমার মনে হয়।”

বাংলাদেশ সরকার নির্দেশিত পরিকল্পিত অর্থনীতির দেশ নয় জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ তো সেন্ট্রাল প্ল্যানিং ইকোনমি নয় যে সরকার নির্ধারণ করবে, কতটুকু উৎপাদন করবে বা কতটুকু করবে না। তাই এই বিষয়টা আমার অযৌক্তিক মনে হয়েছে। এখন বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে তারা কী করবে। এখানে উভয় দেশের সরকারের মধ্যে (জিটুজি) কূটনৈতিক যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে।”