Image description
কুলিং প্ল্যান

ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি ও ঘনঘন তাপদাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বাড়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে ২০৩৫ সালের মধ্যে শীতলীকরণ বা কুলিং খাতে বিদ্যুৎ ব্যবহার প্রায় ২০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

প্রস্তাবিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে জ্বালানি-সাশ্রয়ী শীতলীকরণ যন্ত্রপাতি, উন্নত ভবন নকশা এবং পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট (শীতলকারক গ্যাস) ব্যবহারের মাধ্যমে বছরে ১৪ হাজার ৫৬৬ গিগাওয়াট-ঘণ্টারও বেশি বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। একই সঙ্গে এটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতেও সহায়ক হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রকাশিত ‘বাংলাদেশ ন্যাশনাল কুলিং প্ল্যান ২০৩৫’-এর খসড়ায় এসব লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি বিনিয়োগ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল, স্বল্প সুদে ঋণ এবং গ্রিন বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু টাইমসকে বলেন, পরিবেশগতভাবে টেকসই ও জ্বালানি-সাশ্রয়ী উপায়ে দেশের ক্রমবর্ধমান শীতলীকরণের চাহিদা মেটানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ন্যাশনাল কুলিং প্ল্যান ২০৩৫’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি, তাপপ্রবাহ এবং নগরায়ণের ফলে বাংলাদেশে এসি, রেফ্রিজারেটর এবং অন্যান্য শীতলীকরণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে বিদ্যুতের চাহিদার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ঝুঁকিও বাড়ছে।’

মন্ত্রী জানান, কুলিং খাতে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা, পরিবেশের জন্য ক্ষতিকর রেফ্রিজারেন্টের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনা এবং আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটানো এই পরিকল্পনার লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, ‘পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ২০৩৫ সালের মধ্যে কুলিং খাতে প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হতে পারে, যা বিদ্যুতের চাহিদার ওপর চাপ কমাবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে সাহায্য করবে।’

 

তবে প্রস্তাবিত এসব পদক্ষেপ সরকার কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির টাইমসকে বলেন, পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে দেশে প্রায় ২৫ থেকে ২৬টি আইন এবং প্রায় ৫০টি বিধিমালা রয়েছে। কিন্তু সেগুলোর প্রয়োগ বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত।

তিনি বলেন, ‘বিশ্বের প্রায় যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে পরিবেশ বিষয়ক আইন বেশি রয়েছে। কিন্তু মূল বিষয় হলো সেগুলো কতটা কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে। প্রধান প্রশ্ন হলো, সরকার এই ন্যাশনাল কুলিং প্ল্যানের ঠিক কতটুকু বাস্তবে রূপ দিতে পারবে।’

খসড়া পরিকল্পনা অনুযায়ী, অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়া না হলে ২০৩৫ সালের মধ্যে কুলিং খাতে বিদ্যুতের ব্যবহার ৭২ হাজার ৮৩৪ গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। আধুনিক প্রযুক্তি ও জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা চালু করা গেলে বছরে ১৪ হাজার ৫৬৬ গিগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে, যা সম্ভাব্য চাহিদার প্রায় ২০ শতাংশের সমান।

২৩টি দেশে কুলিং পরিকল্পনা

শীতলীকরণ ব্যবস্থা আধুনিকায়নের চেষ্টায় বাংলাদেশ একা নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্যমতে, ২০২৪ সাল নাগাদ অন্তত ২৩টি দেশ জাতীয় কুলিং অ্যাকশন প্ল্যান বা অনুরূপ কৌশল গ্রহণ করেছে। এসব দেশের মধ্যে ভারত, চীন, রুয়ান্ডা, ঘানা, কেনিয়া, চিলি ও শ্রীলঙ্কা রয়েছে।

চীন মূলত এসি এবং অন্যান্য শীতলীকরণ যন্ত্রপাতির জ্বালানি দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। অন্যদিকে রুয়ান্ডা, ঘানা এবং কেনিয়া জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতি, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট এবং কৃষিপণ্যের জন্য কোল্ড-চেইন (হিমাগার ও পরিবহন) অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে।

এ ছাড়া চিলি ও শ্রীলঙ্কা তাদের কুলিং খাতের জ্বালানি দক্ষতা বাড়াতে এবং পরিবেশগত ক্ষতিকর প্রভাব কমাতে নানা উদ্যোগ নিয়েছে।

বৈশ্বিক উষ্ণতা রুখতে পারে কিগালি সংশোধনী

শীতলীকরণ ব্যবস্থার আধুনিকায়ন কেবল বিদ্যুৎ সাশ্রয়ই নয়, এর বাইরেও নানা সুফল বয়ে আনতে পারে। কুলিং যন্ত্রপাতি থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো গেলে তা বৈশ্বিক উষ্ণায়নের গতি কমাতেও সাহায্য করবে।

মন্ট্রিল প্রোটোকলের কিগালি সংশোধনীর আওতায় দেশগুলোকে পর্যায়ক্রমে হাইড্রোফ্লুরোকার্বনের (এইচএফসি) উৎপাদন ও ব্যবহার কমাতে হবে। এসি ও রেফ্রিজারেটরে ব্যাপকভাবে ব্যবহৃত এই গ্যাসটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বড় রকমের দায়ী।

ইউএনইপির হিসাব অনুযায়ী, কিগালি সংশোধনী পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ২১০০ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রোধ করা সম্ভব হতে পারে। তবে এই সম্ভাব্য সুফল কেবল বাংলাদেশের একক পরিকল্পনা থেকে নয়, বরং এইচএফসি ব্যবহার কমাতে বিশ্বের সম্মিলিত প্রচেষ্টার ফলেই অর্জিত হবে।

ইউএনইপির ২০২৩ সালের ‘গ্লোবাল কুলিং ওয়াচ’ প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক পরিস্থিতির তুলনায় প্যাসিভ কুলিং ব্যবস্থা, জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টের সমন্বিত ব্যবহারের মাধ্যমে ২০৫০ সালের মধ্যে কুলিং খাত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬০ শতাংশেরও বেশি কমানো সম্ভব।

প্রতিবেদনে প্রাক্কলন করা হয়, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা (পিক ডিমান্ড) দেড় থেকে ২ টেরাওয়াট কমবে এবং বিশ্বজুড়ে গ্রাহকদের বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার সাশ্রয় হবে। তবে এগুলো গবেষণানির্ভর প্রাক্কলন, এখনো অর্জিত কোনো ফলাফল নয়।

এদিকে, ‘ক্লিন কুলিং কোলাবোরেটিভ’-এর ২০২১ সালের এক মূল্যায়নে বলা হয়েছে, চীন, চিলি, ঘানা, রুয়ান্ডা ও শ্রীলঙ্কাসহ নয়টি দেশে কুলিং পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ২০৫০ সালের মধ্যে সম্মিলিতভাবে ২১০ কোটি টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা যাবে। এতে গ্রাহকদের ৫১০ বিলিয়ন ডলারেরও বেশি সাশ্রয় হবে।

পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা

বাংলাদেশের খসড়া পরিকল্পনায় ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে কুলিং খাত আধুনিকায়নের প্রস্তাব করা হয়েছে।

২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে সরকার এসি, ফ্যান এবং রেফ্রিজারেটরের জন্য জ্বালানি-দক্ষতার মানদণ্ড এবং এনার্জি লেবেলিং ব্যবস্থা চালু ও কার্যকর করার পরিকল্পনা করেছে।

২০৩০ সালের মধ্যে বড় ভবনগুলোর ক্ষেত্রে জ্বালানি-দক্ষতার বিধান কার্যকর করা এবং শহরাঞ্চলে ‘কুল-রুফ’ (তাপ প্রতিফলনকারী ছাদ) কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি শীতলীকরণ প্রযুক্তিতে কর্মরত টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের বিষয়টিও অগ্রাধিকার পাবে।

পরিকল্পনায় পুরোনো ও অদক্ষ শীতলীকরণ যন্ত্রপাতি প্রতিস্থাপন, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টের প্রসার এবং কুলিং যন্ত্রপাতি উৎপাদন ও ব্যবহারে জ্বালানি-দক্ষতার মানদণ্ড নিশ্চিত করার প্রস্তাবও রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কুলিং খাতের আধুনিকায়ন মানে কেবল পুরোনো এসি ও ফ্রিজ বদলানো নয়। এর জন্য ভবনের নকশা, নির্মাণ পদ্ধতি, বায়ু চলাচল ব্যবস্থা (ভেন্টিলেশন) এবং শীতলীকরণ যন্ত্রের প্রযুক্তিগত দক্ষতার উন্নয়নও জরুরি।

বিদ্যুৎচালিত যন্ত্রের ওপর পুরোপুরি নির্ভর না করে ভবন ঠান্ডা রাখার পদ্ধতি বা ‘প্যাসিভ কুলিং’ এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছাদে তাপ-প্রতিরোধী উপকরণ ব্যবহার, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা, ভবনের চারপাশে গাছ লাগানো এবং শহুরে সবুজায়ন বাড়ানোর মাধ্যমে ঘরের ভেতরের তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব। এতে এসি ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে।

বিশেষ করে রাজধানী ঢাকার জন্য শহুরে সবুজায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ২৫ শতাংশ সবুজ আচ্ছাদন থাকা প্রয়োজন বলে বিবেচনা করা হয়, অথচ রাজধানীতে বর্তমানে খোলা জায়গা রয়েছে মাত্র ১০ শতাংশের মতো।

ইউএনইপির ২০২৫ সালের মূল্যায়ন অনুযায়ী, বিশ্বের ৭২টি দেশ ‘গ্লোবাল কুলিং প্লেজ’-এ যুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশগুলো ২০২২ সালের মাত্রার তুলনায় ২০৫০ সালের মধ্যে কুলিং খাত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬৮ শতাংশ কমানোর অঙ্গীকার করেছে।