প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে তার বক্তব্য ১০ বছর বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা ও নিজেদের ভূমিকার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি যখন লন্ডনে ছিলেন, আদালতের রায়ের দোহাই দিয়ে যখন তার বক্তব্য ১০টা বছর বাংলাদেশে প্রচার করতে দেওয়া হয়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম ৫ তারিখের পর তার কণ্ঠ বাংলাদেশের টেলিভিশনে।
তিনি বলেন, আমরা বুঝলাম যে একটা সময় ছিল, যখন তার কথা প্রচার করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা যারা সাংবাদিকতায় ছিলাম, আমরা কী আজ পর্যন্ত কোনোদিন সেই কথাটা নিয়ে রিগ্রেট (অনুশোচনা) করেছি? কিংবা পক্ষে-বিপক্ষে একটা আলাপ তুলেছি যে, কেন আমরা ওই ১০ বছর কথা বলতে পারিনি?
সাংবাদিকতার অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিষয়টি তারেক রহমান দেশে ফিরেছেন বলে তার বক্তব্য প্রচার করতে হবে— এমন নয়। বরং যে সময় সাংবাদিকেরা পার করেছেন, সেই সময়ের সাংবাদিকতার অবস্থান ও সীমাবদ্ধতা নিয়ে তাদের নিজেদের জায়গা থেকে ব্যাখ্যা থাকা প্রয়োজন।
সালেহ শিবলী বলেন, আমরা আমাদের সময়কে— যে সময়টাকে ধারণ করেছিলাম, যে সময়টাকে ফেলে এসেছিলাম— আমাদের সাংবাদিকতার জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে তো সেই কথাটা নিয়ে একটা ব্যাখ্যা থাকা দরকার।
পরবর্তী প্রজন্মের কাছে অতীতের সাংবাদিকতার ভূমিকা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে নতুন প্রজন্ম জানতে চাইতে পারে, কেন ১০ বছর একজন মানুষের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের সুযোগ তৈরি হলেও আগের সময়ের ওই সীমাবদ্ধতা নিয়ে কেন আলোচনা হয়নি, সে প্রশ্নও উঠতে পারে।
তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যারা আসবেন, যারা আমাদের জানবেন না, তারা যদি সময়কে জানতে চান, তারা হয়তো জিজ্ঞেস করবেন– তাহলে এই ১০টা বছর কেন একজন মানুষের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি?
স্মরণসভায় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, একজন মানুষের কাজই তাকে জনপরিসরে পরিচিত করে তোলে। তৌফিকের কাজ সম্পর্কে জানতে হলে তার সাংবাদিকতা ও কর্মজীবনের সঙ্গে আরও বেশি পরিচিত হতে হবে।
সাংবাদিকতার সঙ্গে রাজনৈতিক বিশ্বাসের সম্পর্ক তুলে ধরে তিনি আরও বলেন, একজন সাংবাদিকের রাজনৈতিক মত বা কোনও দলের প্রতি সমর্থন থাকতে পারে। তবে সেই বিশ্বাসের কারণে সত্য প্রকাশে বাধা তৈরি হলে তা আর পেশাদার সাংবাদিকতার জায়গায় থাকে না।