Image description

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ২০৬ কোটি রুপি। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তারা এই স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

দানকারী দম্পতির নাম বর্ধমান জৈন ও রাধিকা জৈন। তারা তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে স্বর্ণালংকারগুলো তুলে দেন। এসব অলংকারের মধ্যে হীরাখচিত স্বর্ণের গয়নাও রয়েছে। মন্দিরটিতে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দম্পতির এই দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভগবানের প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই তারা ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করেছেন। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

 
 
 

নাইডু আরও জানান, ওই দম্পতি তাকে বলেছেন, দৈবিক অনুপ্রেরণা থেকেই তারা এই দানের সিদ্ধান্ত নিয়েছেন।

 
 

মুখ্যমন্ত্রী বলেন, তিরুমালা মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিক পরিতৃপ্তির প্রতীক। শ্রীকৃষ্ণদেব রায়ের সময় থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত ভক্তদের এই ধর্মীয় নিষ্ঠা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি মন্দির বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও জনপ্রিয় হিন্দু তীর্থস্থান। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত নিয়মিত এই মন্দিরে স্বর্ণ, অর্থ ও মূল্যবান সামগ্রী দান করে থাকেন।

সূত্র: এনডিটিভি