গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৯ দিন পর রোববার ২২ নভেম্বর) দায়ের করা এই মামলায় প্রায় ২১ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির উল্লেখ করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি (নম্বর-৯) দায়ের করেন। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯, দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মো. আরিফুল ইসলামকে।
মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ (৫৪), সহসভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস সর্দার (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস (৫১), সাংগঠনিক সম্পাদক বিএম তাওফিক বিশ্বাস (৪৫), পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল শেখ (৫২) এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস (৪৫)। এ ছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন শেখ (৪০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস (৪০) এবং টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হকের (৩৮) নামও এজাহারে রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল হামলাকারী টুঙ্গিপাড়া থানা কম্পাউন্ডে ঢুকে পড়ে। এ সময় পুলিশের ওপর হামলা ও মারধর, ব্যাপক ভাঙচুর, অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গুলি লুট এবং থানা ভবন, ব্যারাক ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি পুলিশের সরকারি কাজে বাধাদান ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।
এজাহারের তথ্যমতে, থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া হামলায় সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। তবে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়ে এজাহারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া কয়েকজনকে ছাড়িয়ে নেওয়ার জেরে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন।