রাত গভীর হলে ঢাকা যখন ঘুমিয়ে পড়ে, তখন ঝাড়ু হাতে ব্যস্ততা বাড়ে একদল মানুষের। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তারা রাস্তাঘাট, ফুটপাত আর বাজার পরিষ্কার করেন। অথচ এই শহর যারা পরিচ্ছন্ন রাখেন, তাদের নিজেদের দিন কাটে ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে। ৭৮৪ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের জন্য তাই নির্মাণ করা হয়েছে আবাসিক কমপ্লেক্স। ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে রাজধানীর গাবতলী সিটি পল্লীতে এটি তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব ফ্ল্যাট উদ্বোধনের কথা রয়েছে। ডিএনসিসি সূত্র জানিয়েছে, উদ্বোধনের পর সংশ্লিষ্টদের কাছে চাবি হস্তান্তর করা হবে। আগামী মার্চে হস্তান্তরের লক্ষ্য ধরে প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। এতে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পাবে ৭৮৪টি পরিবার।
প্রকল্পের নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, ৪ একর বা ১৬ হাজার ১৮৮ বর্গমিটার জমির ওপর চারটি ১৫ তলা আবাসিক ভবন তৈরি হয়েছে। তিনটি ভবনের প্রতি তলায় ১৬টি করে এবং একটি ভবনের প্রতি তলায় ৮টি করে ইউনিট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় ৫২ দশমিক ৬ বর্গমিটার। এতে আছে দুটি শয়নকক্ষ, শিশুদের জন্য আলাদা একটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বাথরুম।
পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের কথা ভেবে আবাসিক কমপ্লেক্সের দক্ষিণ পাশে একটি চারতলা স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। ১ হাজার ৩৩৩ দশমিক ৫৪ বর্গমিটার আয়তনের এই ভবনের নিচতলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের জন্য ঢালু পথ বা র্যাম্প রাখা হয়েছে। যাতায়াত খরচ, নিরাপত্তা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে আগে অনেক পরিচ্ছন্নতাকর্মীর সন্তানের পড়াশোনা মাঝপথেই থেমে যেত। এখন তারা নিজেদের আবাসিক কমপ্লেক্সে নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।
ছয় প্যাকেজের এই প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশন ব্যবস্থা, নিজস্ব সাবস্টেশন, জেনারেটর ও লিফট বসানো হয়েছে। গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে।
ভবনগুলোর নিরাপত্তা নিয়েও বাড়তি উদ্যোগ নিতে হয়েছে। প্রাথমিক নকশা ও অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ১৫ তলা ভবনের জন্য আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ত সংস্থান ছিল না। পরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কারিগরি যাচাইয়ের পর তৃতীয় সংশোধিত প্রস্তাবে (আরডিপিপি) বাড়তি ব্যবস্থা যুক্ত হয়। এর মধ্যে আছে অগ্নিনির্বাপণের পাম্প, পানি ছিটানোর স্প্রিং কলার, হাইড্র্যান্ট, ফায়ার ব্রিগেডের সংযোগ, অগ্নিরোধী দরজা, অ্যালার্ম নিয়ন্ত্রণ প্যানেল ও ঘোষণা দেওয়ার (পিএ) ব্যবস্থা।
মোট ১৬ হাজার ১৮৮ বর্গমিটার জমির মধ্যে ৬ হাজার ৪৯৭ দশমিক ৪৫ বর্গমিটার জায়গা সবুজ অঞ্চলের জন্য রাখা হয়েছে। চারটি আবাসিক ভবন ও স্কুল ভবনের চারপাশে লাগানো হয়েছে ফুল, ফল ও ছায়াদায়ী গাছ। এর উদ্দেশ্য, শিশুরা যাতে সবুজ পরিবেশে বেড়ে ওঠে এবং ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি তাদের মমত্ববোধ তৈরি হয়।
এই উদ্যোগে চ্যালেঞ্জও কম ছিল না। ষষ্ঠ প্রকল্প পরিচালক হিসেবে ২০২৩ সালের ১১ মে দায়িত্ব নেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। তার আগে প্রকল্পের বাস্তব অগ্রগতি ছিল অত্যন্ত সীমিত। দায়িত্ব নেওয়ার পর তিনি নানা প্রতিবন্ধকতা ও জটিলতা চিহ্নিত করে কাজ এগিয়ে নেন।
প্রকল্পের বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। তিনি এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘ কর্মজীবনে সড়ক ও নানা অবকাঠামো নির্মাণের সুযোগ হয়েছে। তবে সমাজের যে মানুষজন প্রতিদিন নীরবে নগরজীবনকে সচল রাখেন, তাদের জন্য কাজ করতে পারা কর্মজীবনের সবচেয়ে মূল্যবান অর্জন। একটি শহরের সৌন্দর্য কেবল তার সুউচ্চ অট্টালিকায় লুকিয়ে থাকে না; বরং লুকিয়ে থাকে সেই সব শ্রমজীবী মানুষের ঘামে, যারা নীরবে শহরকে বাসযোগ্য রাখেন। গাবতলী সিটি পল্লীর নতুন ফ্ল্যাটের চাবিগুলো কেবল ৭৮৪টি দরজা খোলার মাধ্যম নয়। এগুলো শত শত পরিবারের জীবনে নতুন স্বপ্ন দেখার, শিশুদের সুস্থ শৈশব গড়ার এবং অবহেলিত মানুষগুলোর প্রাপ্য সম্মান ফিরে পাওয়ার প্রতীক হয়ে উঠেছে।