ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বাড়িঘর বুলডোজারে ভাঙা কার্যত রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২৩ নভেম্বর) ‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?: মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে মোদি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগও তুলেছে সংস্থাটি।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, বিজেপিশাসিত রাজ্যগুলোর সরকার মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি শাস্তিমূলকভাবে ভেঙে দেওয়াকে কার্যত রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছে। কর্তৃপক্ষ ভাঙা স্থাপনাগুলোকে অবৈধ দাবি করলেও তাদের বক্তব্য ও পদক্ষেপে স্পষ্ট, মূল উদ্দেশ্য ছিল শাস্তি দেওয়া। সাম্প্রদায়িক সংঘর্ষ বা বিক্ষোভে অংশ নেওয়ার কারণ দেখিয়ে আদালতে বিচারের আগেই অভিযুক্ত ব্যক্তি বা তাঁর পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে ২০২২ সালের অক্টোবরেও মুসলিমদের বিরুদ্ধে এ ধরনের ‘সংক্ষিপ্ত শাস্তি’ (সামারি পানিশমেন্ট) বেড়ে যাওয়ার কথা জানিয়েছিল এইচআরডব্লিউ।
২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এ প্রথাকে অবৈধ ঘোষণা করে নির্দেশনা দেওয়ার পরও বিজেপিশাসিত রাজ্যগুলোতে এমন উচ্ছেদ বন্ধ হয়নি। প্রতিবেদনে ২০২৫ সালের ফেব্রুয়ারির একটি উদাহরণ দেওয়া হয়েছে। সে সময় মহারাষ্ট্রের মালভান শহরে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছিল। তখন ‘ভারতবিরোধী স্লোগান’ দেওয়ার অভিযোগে ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোর ও তার বাবা-মাকে আটক করা হয়। পাশ দিয়ে যাওয়া এক হিন্দু রাজনৈতিক কর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁদের দোকানও ভেঙে ফেলা হয়।
ঘৃণাত্মক বক্তব্য ও পরিচয়ের অপরাধীকরণ
বুলডোজার অভিযানকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না এইচআরডব্লিউ। সংস্থাটির দাবি, বিজেপি নেতারা মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যকে স্বাভাবিক করে তুলেছেন। আর এর ফলে বড় পরিসরে দায়মুক্তির পরিবেশে সহিংসতা ও বৈষম্য ঘটছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরুখ আলম বলেন, ভারত এমন দেশে পরিণত হচ্ছে যেখানে ‘একটি নির্দিষ্ট পরিচয়ে জন্মানোই অপরাধ’ হয়ে দাঁড়াবে। তাঁর ভাষায়, একসময় যেমন সমকামী হওয়া অপরাধ ছিল, তেমনি মুসলিম হওয়াও অপরাধ হয়ে উঠতে পারে।
ভোটার তালিকা, সংসদ ও নির্বাচন কমিশন
প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের জুনে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ শুরু হয়। এতে ২০২৬ সালের অক্টোবর নাগাদ দেশজুড়ে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে। এর জেরে অক্টোবরে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এর মধ্যে গত এপ্রিলে পশ্চিমবঙ্গে মোট ভোটারের ১২ শতাংশ, অর্থাৎ ৯০ লাখের বেশি নাম বাদ যায়। আদালত সে সময় তা মেনে নেন। এর কিছু দিন পরই রাজ্যটিতে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি।
এইচআরডব্লিউ বলছে, নারী, দরিদ্র ও মুসলিমরা অনুপাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও নির্বাচন কমিশন অনিয়মের সব অভিযোগ অস্বীকার করেছে। তবে বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নাম বাদ দেওয়ার কিছু সিদ্ধান্ত বাতিল করতে শুরু করেছে।
সংসদীয় প্রক্রিয়া দুর্বল করার বিষয়ে বলা হয়, মোদি সরকারের দুই মেয়াদে আইনের খসড়া সংসদীয় কমিটিতে পাঠানোর হার কমেছে। ২০০৯–১৪ সালে এই হার ছিল ৭১ শতাংশ। কিন্তু ২০১৯–২৪ সালে তা ১৬ শতাংশে নেমে এসেছে।
২০১৪–২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নানা আইন ‘অর্থ বিল’ হিসেবে পাস করা হয়। এ ছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে ১৪৬ জন বিরোধী সাংসদ সাসপেন্ড থাকা অবস্থায় একটি আইন পাস হয়। ওই সাংসদদের মধ্যে লোকসভার ১০০ এবং রাজ্যসভার ৪৬ জন ছিলেন। এই আইনে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী নিয়ন্ত্রণ ও আইনি দায়মুক্তি দেওয়া হয়।
তদন্ত সংস্থা, ইউএপিএ ও বিচার বিভাগ
গণমাধ্যমের বিশ্লেষণ উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলার প্রায় ৯৫ শতাংশই বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে। ২০১৯ সালে অর্থ বিলের মাধ্যমে সংস্থাটির ক্ষমতা বাড়ানো হয়। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা করেছে ইডি। আগের দশকের ২৬ জনের তুলনায় এই সংখ্যা ৬০০ শতাংশের বেশি।
বিরোধীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা বিজেপিতে যোগ দিলেই তদন্ত থেমে যায়। এ কারণে তাঁরা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে থাকেন। তবে ইডি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।
পাশাপাশি ‘ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট’ (এফসিআরএ)-এর মাধ্যমে মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে নিশানা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-তে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ হাজার ৮৬৮ জন গ্রেপ্তার হয়েছেন। তবে তাদের মধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ১ হাজার ২৭৫ জন। বহু সমালোচক ও সাংবাদিক বিনা বিচারে বছরের পর বছর কারাবন্দি রয়েছেন।
এইচআরডব্লিউর এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ‘গত দশকে ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্তঃসারশূন্য করে ফেলেছে মোদি সরকার। নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা ও নাগরিক স্বাধীনতা সুরক্ষায় এই প্রতিষ্ঠানগুলো অপরিহার্য ছিল। সরকার আইনের শাসন ক্ষুণ্ণ করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করে মানবাধিকারের সুরক্ষা কমিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব করেছে এবং ভারতের কর্তৃত্ববাদী শাসনকে আরও গভীর করেছে।’
সুপারিশ ও মিত্রদের প্রতি আহ্বান
ভারত সরকারের প্রতি একাধিক সুপারিশ করেছে এইচআরডব্লিউ। এর মধ্যে রয়েছে শাস্তি হিসেবে সম্পত্তি ভাঙার চর্চা বন্ধ এবং ঘৃণাত্মক বক্তব্যের জন্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের তদন্ত ও বিচার। পাশাপাশি বিশেষ নিবিড় ভোটার সংশোধন বাতিল ও স্বাধীন নিয়োগ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশও করেছে সংস্থাটি।
একই সঙ্গে বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় ভারতের মানবাধিকার ইস্যু তুলতে বলা হয়েছে।
ইলেইন পিয়ারসন বলেন, ‘ভারতের গণতান্ত্রিক পতন ঠেকাতে হলে সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। সবার অধিকার রক্ষার ঢাল হিসেবে সেগুলোকে পুনর্গঠন করতে হবে।’