Image description
► হাম ও হামের উপসর্গে আট মাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৩ জন ► হামের রোগীর অধিকাংশই শিশু ► চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৫২৬ জন

হাম ও ডেঙ্গুতে মৃত্যু বেড়েইে চলেছে। চলতি বছরে শুধু হাম ও হামের উপসর্গে মারা গেছেন ১ হাজার ৩৬৩ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫২৬ জন। যার অধিকাংশই শিশু। কয়েক দফা বিশেষ ক্যাম্পেইন চালিয়েও থামেনি হামে মৃত্যু। মাইক্রোপ্ল্যানিং না করে টিকা দেওয়ায় শিশুদের বাদ পড়া, জনবল সংকট এবং ব্যবস্থাপনার ঘাটতিকে হাম নিয়ন্ত্রণে না আসার পেছনে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সারা পদশে সমন্বিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশক নিধনে কাজ না করায় মৌসুম শেষ হলেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সোয়া ১ হাজার। এ ছাড়া ১০৫ জনের মৃত্যু হাম হিসেবে নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১ হাজার ৩২১ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে টিকাদান কর্মসূচি চালানো হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক।

১৬ নভেম্বরের টিকাদান-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিশেষ ক্যাম্পেইন ও পরবর্তী টিকাদান কার্যক্রম মিলিয়ে মোট ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩০৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় টিকাদানের হার ১২১ দশমিক ২ শতাংশ। তবে টিকাদান কার্যক্রমের পরও হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। গত আট মাসে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭। নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ সাব্বির হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হাম নিয়ন্ত্রণে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। টিকাদানের মাধ্যমে দ্রুতই হার্ড ইমিনিউনিটি অর্জিত হবে বলে আমরা আশাবাদী। লক্ষ্যমাত্রা পূরণ হলেও নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। যাতে হাম নিয়ন্ত্রণে আসে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘এলোপাতাড়িভাবে শিশুদের হামের টিকা দেওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। টিকা দেওয়ার ক্ষেত্রে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) মাইক্রোপ্ল্যানিং করে থাকে। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় প্রথম দিকে সময় পায়নি কিন্তু পরবর্তীতেও সেটা না করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য কিছু জায়গাতে একদমই টিকা পৌঁছেনি। যেমন; আদিবাসী এলাকা, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল, যৌনপল্লি এসব জায়গায় টিকা দেওয়ার হার দেখতে হবে। ৪০ হাজার পদ শূন্য থাকায় টিকা দেওয়ার ক্ষেত্রে জনবল সংকটে সমস্যা তৈরি হচ্ছে। সংকট, গাফিলতি থাকলেও তার দায় স্বীকার করছে না। ১৫ বছর বয়স পর্যন্ত হামের টিকা দেওয়ার জন্য কথা বলা হচ্ছে, কিন্তু সরকার শুনছে না। পরবর্তীতে হাম ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন। মৃত্যু হয়েছে ৫২৬ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন দুজন। ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বেশি দেখা গেলেও এবার মৌসুম শেষ হওয়ার পরও মৃত্যুর ধারাবাহিকতা রয়েছে। নভেম্বর মাসে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পানি জমে মশার প্রজনন বাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে। এমনকি ডিসেম্বরেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। অন্যান্য বছরের তুলনায় এবার ডিসেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকতে পারে। ডেঙ্গুর সংক্রমণ চক্র থামানো যাচ্ছে না। এর মধ্যে নভেম্বরের বৃষ্টিপাত নতুন করে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে ডিসেম্বরেও সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. বে-নজির আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার কারণ হলো জুনের পর থেকে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং নিয়মিত বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন বেড়েছে। ডেঙ্গু এখন আর শুধু ঢাকা বা বড় শহরকেন্দ্রিক নেই; গ্রামাঞ্চলেও সংক্রমণ ছড়িয়েছে।’

তিনি বলেন, ‘বগুড়া, ভোলাসহ বিভিন্ন জেলার গ্রামাঞ্চল থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গ্রামে কেউ আক্রান্ত হয়ে জটিল অবস্থায় পড়লে দ্রুত উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ তুলনামূলক কম। বড় শহরের হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে। গ্রামাঞ্চলে ডেঙ্গুর বিস্তার এখন দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। যেসব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে, সেসব এলাকায় বারবার সংক্রমণের ঝুঁকিও থাকবে। ফলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।’