গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটের আন্তনগর ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের চলাচলপথ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ট্রেনটি খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিকল্প রুটে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। একই দিন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকেও বিকল্প রুটে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতি ও যাত্রীসাধারণের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল-ঢাকা) ট্রেন দুটির নিয়মিত চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে যাত্রীদের টিকিট ফেরত ও যাতায়াতে ভোগান্তি তৈরি হয়।
এ পরিস্থিতিতে খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি কমানো এবং রেলওয়ের রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জাহানাবাদ এক্সপ্রেসের রেক দিয়ে বিকল্প রুটে ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ২৪ মিনিটে। এক মিনিট যাত্রাবিরতির পর ১২টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।
অন্যদিকে, ২০০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। ১০ মিনিট যাত্রাবিরতির পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছেড়ে ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে
বিকল্প রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে খুলনা, খুলনা জংশন, দৌলতপুর, দৌলতপুর কলেজ, ফুলতলা, বেজেরডাঙ্গা, নওয়াপাড়া, চেঙ্গুটিয়া, সিঙ্গিয়া, রূপদিয়া, যশোর, যশোর ক্যান্টনমেন্ট, মেহেরুল্লানগর, বারোবাজার, মোবারকগঞ্জ, সুন্দরপুর, কোটচাঁদপুর, সাফদারপুর, আনসারবাড়িয়া, উথলী, দর্শনা হল্ট, দর্শনা জংশন, জয়রামপুর, চুয়াডাঙ্গা, মোমিনপুর, মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা, হালসা, পোড়াদহ জংশন, জগতি, কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া, চড়াইকোল, কুমারখালী, খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী জংশন, বেলগাছি, সূর্যনগর, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর (মূল কপিতে আখিকপুর), ফরিদপুর, সরকারি রাজেন্দ্র কলেজ, বাখুন্ডা, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ভাঙ্গা জংশন, শিবচর, পাঁচ্চর, মাওয়া, শ্রীনগর, নিমতলী, কেরানীগঞ্জ, গেন্ডারিয়া ও ঢাকা।
রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ট্রেনটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা করা যাবে। বিকল্প রুটে ট্রেন চলাচলের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে।
নতুন এ সিদ্ধান্তের ফলে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুরসহ পথের বিভিন্ন এলাকার যাত্রীরা ঢাকার সঙ্গে রেল যোগাযোগের সুযোগ পাবেন। বিশেষ করে কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলের যাত্রীদের জন্য এটি নতুন আন্তনগর রেলসেবা হিসেবে যুক্ত হচ্ছে।